(বগুড়া সংবাদদাতা)। বগুড়ার গাবতলী ১১নং দক্ষিণপাড়া ইউনিয়নের গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র আব্দুর রহমান (১৩) এর হত্যাকারীদের ফাঁসির দাবীতে ২২শে সেপ্টেম্বর-২৬ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় গাবতলীর ডাকুমারা হাট সংলগ্ন মোকামতলা- সোনাতলা সড়কে প্রায় ঘন্টাব্যাপী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন দক্ষিণপাড়া ইউনিয়ন পরিষদের প্যানল চেয়ারম্যান আবু তালেব মিঠু, স্থানীয় আব্দুল মানিক, কিনু মিয়া, ইলিয়াস উদ্দিন, আরিফুল ইসলাম, মুক্তার হাসান, সুলতান মাহমুদ, রকি আহমেদ, আলম হোসেন, সোহান মিয়া, শহিদুল ইসলাম, রুবি বেগম, মর্জিনা বেগম, মিনি বেগম, তহমিনা আক্তার, শাপলা বেগমসহ হাজারো নারী-পুরুষ প্রমূখ। মানববন্ধনে বক্তারা, মেধাবী স্কুলছাত্র আব্দুর রহমান হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান।
উল্লেখ্য, বগুড়ার গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের আমিরুল শেখ এর ছেলে স্কুল পড়ুয়া ছাত্র আব্দুর রহমান প্রতিদিনের মতো অর্থ উপার্জন করার জন্য গত ১৫ই সেপ্টেম্বর-২৬ সকালে তার বাবার অটোভ্যান নিয়ে রাস্তায় বের হয়। যাত্রীবেশে একদল দুর্বৃত্তরা আব্দুর রহমানের ভ্যান উঠে সোনাতলা উপজেলার লোহাগড়া পূর্বপাড়া নামক স্থানে মারপিটের একপর্যায়ে তাকে নৃশংসভাবে হত্যা করে অটোভ্যানটি নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় আব্দুর রহমানের পিতা আমিরুল শেখ সোনাতলা থানায় একটি মামলা দায়ের করছেন। স্থানীয় এলাকাবাসী আব্দুর রহমানের হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবীতে মঙ্গলবার সকালে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছেন।








