ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অভিযান চালিয়ে ১১টি অবৈধ গ্যাস সংযোগের রাইজার উচ্ছেদ ও নিষ্ক্রিয় করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)। এ সময় অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার দায়ে নয়জনকে মোট ১ লাখ ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বিজিডিসিএলের কুমিল্লা কার্যালয়ের জনসংযোগ বিভাগ এ তথ্য নিশ্চিত করে। এর আগে সোমবার সরাইল উপজেলার পূর্ব বড্ডাপাড়া ২ নম্বর ওয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত ভট্টাচার্যের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিজিডিসিএলের এরিয়া বিতরণ কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।
অভিযানকালে ১১টি অবৈধ গ্যাস সংযোগের রাইজার উচ্ছেদ ও নিষ্ক্রিয় করা হয়। এ সময় সাতটি রেগুলেটর উদ্ধার করা হয়। এছাড়া ব্যবহারকারীরা নিজ উদ্যোগে আরও কয়েকটি রেগুলেটর খুলে ফেলেন।
অভিযানে ১ ইঞ্চি ব্যাসের ১৪০ মিটার এবং ৩/৪ ইঞ্চি ব্যাসের ৩০ মিটার অবৈধ গ্যাস পাইপলাইন অপসারণ করা হয়। পাশাপাশি প্রায় ৪০০ মিটার অবৈধ গ্যাস নেটওয়ার্ক নিষ্ক্রিয় করা হয়েছে।
অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার দায়ে নয়জনকে মোট ১ লাখ ১১ হাজার টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্টরা জানান, জরিমানার পুরো অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।








