ফাইল ছবি
অনলাইন ডেস্ক : গাইবান্ধার সাদুল্লাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত আব্দুর রাজ্জাক (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আজ সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আব্দুর রাজ্জাক উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের হরিদাশ তালুক গ্রামের হাবিজার ইসলামের ছেলে। তিনি গোবিন্দগঞ্জ হাসপাতালে কর্মরত ছিলেন।
নিহতের বড় ভাই খাজা মিয়া জানান, গত ২৯ আগস্ট বিকেলে বাড়িতে ডিসের লাইন নেওয়ার জন্য বিদ্যুতের তারের ওপর দিয়ে কাজ করছিলেন আব্দুর রাজ্জাক। এ সময় অসাবধানতাবশত বাড়ির পাশ দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে যান তিনি। এতে তার শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে চার দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম হাবিব বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।








