দেলোয়ার হোসেন লাইফ ,বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: বড়াইগ্রামে নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ প্রতিযোগিতার উদ্বোধন ও আলোচনা সভা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিলান আয়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহদী হাসানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর, কৃষি কর্মকর্তা সজীব আর মারুফ, মৎস্য কর্মকর্তা মুরাদ হোসেন প্রামাণিক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিনাল উদ্দিন, মাঝগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক আব্দুল আলীম, আজম আলী ডিগ্রি কলেজের অধ্যাপক আব্দুস সালাম, মুক্তিযোদ্ধা কমান্ডার সরদার বয়েত রেজা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, সিনিয়র সাংবাদিক আলহাজ্ব সাইফুর রহমান প্রমুখ।
এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দিনব্যাপী এ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা নজরুলের কবিতা আবৃত্তি, সংগীত, রচনা ও অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও আদর্শের সঙ্গে নতুন প্রজন্মকে আরও সম্পৃক্ত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।








