ফাইল ছবি
অনলাইন ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জ জেলা মিনিবাস মালিক সমিতির অতিরিক্ত চাঁদা দাবিকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ৪টি পরিবহন কোম্পানীর বাস চলাচল বন্ধ রয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ৮টা থেকে ওই সব কোম্পানীর বাস চলাচল বন্ধ রয়েছে। তবে অন্যান্য পরিবহনের বাসগুলো চলাচল করছে। এ নিয়ে উভয় সমিতি একে অপরকে দোষারোপ করছেন।
ঢাকাগামী দেশ ট্রাভেলস এর প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম বলেন, আগে প্রতি ঢাকাগামী বাস থেকে স্থানীয় বাস মালিক সমিতি ৩০ টাকা হারে চাঁদা নিত।
কিন্তু আজ বুধবার সকাল থেকে তারা গাড়িপ্রতি ১৫০ টাকা দাবি করায় দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, গ্রামীন পরিবহণ ও হানিফ পরিবহনের বাসগুলো চলাচল বন্ধ রাখা হয়েছে।
অন্য পরিবহনের প্রতিনিধরা বলেন, আগে যে পরিমাণ চাঁদা দেয়া হতো সেই টাকা চাঁদা না নিয়ে অতিরিক্ত টাকা দাবি করায় মালিকরা ঢাকাগামী বাস চলাচল বন্ধ রেখেছে। তিনি এর স্থায়ী সামাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও রহনপুর প্রাভেলসের মালিক মনোতোষ চক্রবর্তী বলেন, চাঁপাইনবাবগঞ্জের মালিকানাধীন বাস থেকে রাজশাহী ও নাটোরে আড়াইশ টাকা আদায় করা হচ্ছে। তাই আমরা আমাদের সমিতি চালানোর জন্য গাড়িপ্রতি দেড়শ টাকা দাবি করায় কয়েকটি পরিবহনের বাস চলাচল বন্ধ থাকলেও অন্যান্য বাস চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে পূর্বে টিকিট কেটে রাখায় বাস বন্ধে অন্য পরিবহনে ঢাকা যাচ্ছে যাত্রীরা।








