ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে পৌরসভার পুনিয়াউট রেলক্রসিং এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দলের আরও ৪ থেকে ৫ জন সদস্য পালিয়ে যায়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দক্ষিণ পৈরতলা এলাকার সুমন মিয়া (৩৫), পুনিয়াউট এলাকার আলমগীর মিয়া (২৪) এবং টাঙ্গাইল জেলার গোপালপুর থানার কাজী বাড়ি এলাকার বেল্লাল মিয়া (২০)।
এসআরবি জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল জানতে পারে, পুনিয়াউট রেলক্রসিংয়ের দক্ষিণ পাশে পাকা সড়কে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে রাত সোয়া ৯টার দিকে সেখানে অভিযান চালায় দলটি।
এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৭ থেকে ৮ জনের দলটি পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে তিনজনকে আটক করা হয়। পরে তাঁদের শরীর তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহৃত একটি দেশীয় তৈরি এসএস পাইপ, লোহার তৈরি বর্ষা ও কুঠার এবং স্টেইনলেস স্টিলের তিনটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জানান, তাঁরা পলাতক সহযোগীদের নিয়ে দীর্ঘদিন ধরে মহাসড়ক ও আশপাশের সড়কে চলাচলকারী যানবাহন এবং বাসাবাড়িতে ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের পাশাপাশি পলাতক অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা আলামতসহ গ্রেপ্তার ব্যক্তিদের ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।








