ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে প্রত্যাশিত সাফল্য না পাওয়ার পর আবেগঘন বার্তা দিয়েছেন অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি। দেশের মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি প্রত্যাশা পূরণ করতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন তিনি।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে মাহি লেখেন, ‘প্রিয় বাংলাদেশ, আজ আমার হৃদয়ে অনেক কথা জমে আছে। জানি, আপনারা আমাকে ঘিরে অনেক স্বপ্ন দেখেছেন, অনেক আশা করেছেন। আমার জন্য এত ভালোবাসা, এত দোয়া, এত ভোট এবং এতটা সময় দিয়েছেন—সত্যিই আমি কৃতজ্ঞ।’
তিনি লেখেন, ‘আমি জানি, আপনাদের প্রত্যাশা অনেক বড় ছিল। আমিও চেয়েছিলাম বাংলাদেশের নামটা বিশ্বমঞ্চে আরও উজ্জ্বলভাবে তুলে ধরতে। বিশ্বাস করুন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার দেশ, আমার মানুষ এবং আপনাদের ভালোবাসার প্রতিনিধিত্ব করার জন্য নিজের জায়গা থেকে একটুও কমতি রাখিনি। আপনারাও আমার জন্য যেভাবে চেষ্টা করেছেন, যেভাবে দিনরাত পাশে থেকেছেন, তা আমি কখনো ভুলব না।’
প্রত্যাশা পূরণ করতে না পারায় দুঃখ প্রকাশ করে মাহি আরও লেখেন, ‘তবুও আজ একটা কথা বলতে চাই—আপনারা যে বিশ্বাস নিয়ে আমার পাশে দাঁড়িয়েছিলেন, আপনাদের সেই প্রত্যাশার প্রতিদান দিতে না পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি দুঃখিত, যদি আপনাদের প্রত্যাশা অনুযায়ী গর্বিত করতে না পেরে থাকি।’
জীবনের সব চেষ্টা প্রত্যাশিত ফল বয়ে আনে না উল্লেখ করে তিনি বলেন, ‘জীবনে সব চেষ্টা আমাদের প্রত্যাশিত ফলাফল নিয়ে আসে না। কিন্তু তার মানে এই নয় যে সেই চেষ্টার মূল্য নেই। কিছু অভিজ্ঞতা, কিছু মুহূর্ত এবং কিছু অনুভূতি সারাজীবনের জন্য মনে থেকে যায়।’
স্ট্যাটাসের শেষাংশে দেশের মানুষের ভালোবাসাকে সব অর্জনের চেয়ে বড় উল্লেখ করে মাহি লেখেন, ‘আমি হয়তো আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি, কিন্তু আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসা আমার কাছে যেকোনো অর্জনের চেয়ে অনেক বড়। বাংলাদেশ আমার পরিচয়, বাংলাদেশ আমার গর্ব। আপনাদের ভালোবাসা নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই।’
সবশেষে তাকে বিশ্বাস করা, পাশে থাকা এবং ভালোবাসা দেওয়ার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মাহি। লেখেন, ‘আমাকে বিশ্বাস করার জন্য, আমার পাশে থাকার জন্য এবং এতটা ভালোবাসার জন্য ধন্যবাদ। ভালোবাসি বাংলাদেশ।’








