ছবি সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : আটবার ব্যালন ডি’অর জিতে ইতিহাস গড়েছেন লিওনেল মেসি। তবে এই পুরস্কারের ভোটার হিসেবেও দায়িত্ব পালন করেছেন আর্জেন্টাইন মহাতারকা। সম্প্রতি ব্যালন ডি’অর কর্তৃপক্ষ প্রকাশ করেছে ১১ বছরে মেসির দেওয়া ভোটের হিসাব। আর তাতেই দেখা গেছে, তাঁর ভোটের তালিকায় কখনো জায়গা পাননি চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো। বরং সবচেয়ে বেশি পছন্দের তালিকায় ছিলেন সাবেক বার্সেলোনা সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তা।
প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত মূল ব্যালন ডি’অরের ভোট দিয়েছেন মেসি। এ ছাড়া ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত কোপা ট্রফির বিচারক হিসেবেও ভোট দিয়েছেন তিনি। মূল ব্যালন ডি’অরের ভোটে টানা পাঁচ বছর নিজের সেরা তিনে ইনিয়েস্তাকে রেখেছিলেন আর্জেন্টাইন তারকা।
২০১১ সালে আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক হওয়ার পর প্রথমবার ব্যালন ডি’অরের ভোট দেওয়ার সুযোগ পান মেসি। সে বছর তাঁর প্রথম পছন্দ ছিলেন জাভি হার্নান্দেজ। দ্বিতীয় স্থানে ইনিয়েস্তা এবং তৃতীয় স্থানে ছিলেন স্বদেশি সার্জিও আগুয়েরো।
২০১২ সালে ভোটের তালিকায় পরিবর্তন আনেন মেসি। এবার প্রথম পছন্দ হিসেবে ইনিয়েস্তাকে বেছে নেন তিনি। দ্বিতীয় স্থানে জাভি এবং তৃতীয় স্থানে রাখেন আগুয়েরোকে। ২০১৩ সালেও নিজের প্রথম ভোটটি ইনিয়েস্তাকে দেন মেসি। সে বছর দ্বিতীয় স্থানে ছিলেন জাভি এবং তৃতীয় স্থানে নেইমার।
২০১৪ সালে অবশ্য প্রথম পছন্দে পরিবর্তন আনেন আর্জেন্টাইন তারকা। ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আনহেল দি মারিয়াকে প্রথম স্থানে রাখেন তিনি। দ্বিতীয় স্থানে ইনিয়েস্তা এবং তৃতীয় স্থানে ছিলেন হাভিয়ের মাসচেরানো।
২০১৫ সালে বার্সেলোনার ঐতিহাসিক ট্রেবল জয়ের পর সতীর্থদেরই এগিয়ে রাখেন মেসি। প্রথম স্থানে লুইস সুয়ারেস, দ্বিতীয় স্থানে নেইমার এবং তৃতীয় স্থানে ইনিয়েস্তাকে বেছে নেন তিনি।
পাঁচ বছরের ভোটের হিসাবে দেখা যায়, সবচেয়ে বেশি চারবার নিজের সেরা তিনে জায়গা পেয়েছেন ইনিয়েস্তা। এরপর রয়েছেন জাভি, যিনি টানা তিন বছর মেসির ভোটে ছিলেন। এ ছাড়া আগুয়েরো দুবার এবং দি মারিয়া ও মাসচেরানো একবার করে জায়গা পেয়েছেন।








