ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : বিশ্বকাপ জয়ের নেতৃত্ব দেওয়ার পর টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাড় পড়েন সূর্যকুমার যাদব। এমন পরিস্থিতিতে তার আর দলে ফেরার সম্ভাবনা দেখছেন না নির্বাচকরা। বিসিসিআইয়ের একটি সূত্রের খবর অনুযায়ী, দুর্দান্ত পারফরম্যান্সের পরও তরুণ ব্যাটার যশস্বী জয়সওয়ালও বর্তমান দলের কাঠামোয় নিজের জায়গা করে নিতে হিমশিম খাচ্ছেন।
সূর্যকুমারের নেতৃত্বে ভারত চলতি বছরের টানা দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিতেছিল। আইপিএল শেষ হওয়ার পর তাকে টি-টোয়েন্টি দল থেকে বাদ দেওয়া হয় এবং নির্বাচকরা শ্রেয়াস আইয়ারকে নতুন অধিনায়ক হিসেবে নিয়োগ দেন। বিসিসিআই-এর একটি সূত্র এএনআই-কে জানিয়েছে, সূর্যকুমার আপাতত আমাদের নির্বাচনি পরিকল্পনার অংশ নন। এমনকি যশস্বী জয়সওয়ালের জন্যও আমরা সাদা বলের ক্রিকেটে কোনো জায়গা খুঁজে পাইনি।
সূত্রটি আরও জানিয়েছে, সূর্যকুমার কঠোর পরিশ্রম করছেন এবং লিস্ট-এ ক্রিকেটে ভালো পারফর্ম করছেন, তবে বর্তমান ভারতীয় দলে তার জন্য কোনো জায়গা নেই। সূত্রটি সাদা বলের ক্রিকেটে দল নির্বাচনের চ্যালেঞ্জগুলোর দিকে ইঙ্গিত করে জানিয়েছে, যশস্বী জয়সওয়ালের মতো খেলোয়াড়ও বর্তমান দলে জায়গা পেতে লড়াই করছেন; আর এই পরিস্থিতিতে সূর্যকুমারকে নির্বাচনের জন্য বিবেচনা করা হচ্ছে না।
সূত্রটি জানিয়েছে, হ্যাঁ, সে (সূর্যকুমার) কঠোর পরিশ্রম করছে এবং লিস্ট-এ ক্রিকেটে ভালো খেলছে। কিন্তু প্রশ্ন হলো, বর্তমান ভারতীয় দলে তাকে কোথায় জায়গা দেওয়া যায়? এখন দলে কোনো জায়গা খালি নেই। আমরা যশস্বী জয়সওয়ালের মতো তরুণ খেলোয়াড়কেই সাদা বলের ক্রিকেটে জায়গা দিতে পারছি না, তাহলে সূর্যকুমার বর্তমান দলের কাঠামোয় কোথায় খাপ খাবে? বর্তমান পরিস্থিতিতে আমরা তাকে দলে নেওয়ার কথা ভাবছি না।
ভারতের এই সাবেক অধিনায়ক চলমান সৈয়দ মুশতাক আলি ট্রফিতে ২০২৬-২৭ মৌসুমে দারুণ ফর্মে আছেন এবং বেশ কয়েকটি বিধ্বংসী ইনিংস উপহার দিয়েছেন। ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় মুম্বাইয়ের নেতৃত্ব দেওয়ার সময়, ১৪ নভেম্বর হায়দ্রাবাদের বিপক্ষে সূর্যকুমার দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে নিজের আগমনী বার্তা জানান দেন; তিনি মাত্র ২১ বলে অপরাজিত ৬০ রান করেন।
ছয়টি চার ও পাঁচটি ছক্কা সম্বলিত তার এই ইনিংসটির স্ট্রাইক রেট ছিল চোখ ধাঁধানো ২৮৫.৭১। তিনি মাত্র ১৫ বলেই নিজের অর্ধশতক পূর্ণ করেন এবং মুম্বাই ১৭৩ রানের লক্ষ্য তাড়া করে সাত উইকেটের জয় তুলে নেয়। এরপর গুজরাটের বিপক্ষে তিনি আরও একটি বিধ্বংসী ইনিংস খেলে ২৯ বলে ৮২ রান করেন, যার মধ্যে ছিল নয়টি চার ও সাতটি ছক্কা। তার এই অবদানে মুম্বাই ১৯৯ রানের লক্ষ্য মাত্র ১৫.৪ ওভারে, পাঁচ উইকেট হাতে রেখেই জয় করে ফেলে। টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে গোয়ার বিপক্ষে মুম্বাইয়ের ১৮ রানের জয়েও সূর্যকুমার অবদান রাখেন; তিনি ১২ বলে তিনটি ছক্কার সাহায্যে দ্রুত ২৫ রান করেন








