ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও থানার সামনে আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত এক নারীকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাস চকরিয়াগামী সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন।
সেখান থেকে স্থানীয় লোকজন আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে আনার পর আরও দুজনের মৃত্যু হয়। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন নারী রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভয়াবহ এ দুর্ঘটনার পর মহাসড়কে যানজট সৃষ্টি হয়।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাজদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিতে পুলিশ কাজ করছে। দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকে গেছে। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।








