ফাইল ছবি
অনলাইন ডেস্ক : বরিশালের উজিরপুরে নিজ বাড়িতে বৈদ্যুতিক সংযোগ স্থাপনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুর রহিম হাওলাদার (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার বড়াকোঠা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গাজীরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আবদুর রহিম হাওলাদার ওই এলাকার বাসিন্দা।
নিহতের ভাতিজা আরিফ জানান, সন্ধ্যায় বাড়িতে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার জন্য হোল্ডারে প্লাগ লাগাচ্ছিলেন আবদুর রহিম। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।








