ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সোমবার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এ নিয়ে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ২০ জন শ্রমিক আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভের মুখে শিল্পাঞ্চলের ২৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া আগে থেকেই বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে আরও ২২টি কারখানা। অন্যদিকে, উৎপাদন বন্ধ রেখে ভেতরে অবস্থান করছেন তিনটি কারখানার শ্রমিকেরা। সব মিলিয়ে আজ শিল্পাঞ্চলের মোট ৫০টি কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের প্রায় সব কারখানার শ্রমিক নির্ধারিত সময়ে কাজে যোগ দেন এবং কার্ড পাঞ্চ করে হাজিরা নিশ্চিত করেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কয়েকটি কারখানার শ্রমিকেরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কাজ বন্ধ করে কারখানার ভেতরেই বিক্ষোভ শুরু করেন।
একপর্যায়ে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় কয়েকজন শ্রমিক সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কর্তৃপক্ষ পর্যায়ক্রমে ২৫টি কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে। ছুটি ঘোষণার পর শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কারখানা ত্যাগ করেন। অন্যদিকে, তিনটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রাখলেও এখন পর্যন্ত ভেতরেই অবস্থান করছেন। এর বাইরে চলমান পরিস্থিতির কারণে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী (কাজ নেই, মজুরি নেই ভিত্তিতে) অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ২২টি কারখানা।
সার্বিক পরিস্থিতি সম্পর্কে আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সকালে শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিলেও বেলা বাড়ার পর মজুরি বৃদ্ধির দাবিতে কয়েকটি কারখানায় অসন্তোষ দেখা দেয়।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, আপনারা তৈরি পোশাক কারখানা খোলা রাখুন, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছি। পুলিশের পাশাপাশি ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
তিনি জানান, শ্রমিক অসন্তোষের মুখে ২৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং তিনটি কারখানার শ্রমিকেরা উৎপাদন বন্ধ রেখেছেন। এ ছাড়া ১৩(১) ধারায় আগে থেকেই ২৩টি কারখানা বন্ধ রয়েছে।
তিনি আরও জানান, শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিজিবির টহল জোরদার রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে পুলিশ প্রশাসন ও কারখানা কর্তৃপক্ষের মধ্যে আলোচনা চলছে।








