ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার ৮০০ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে ৪৭ বিজিবির তেঁতুলবাড়ী ক্যাম্পের টহল কমান্ডার জেসিও মো. সাইদুর রহমানের নেতৃতে বিজিবি সদস্যদের একটি দল হাঁটপাড়া সীমান্তের শূন্যরেখা থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।
৪৭ বিজিবির অধিনায়ক কর্নেল রাশেদ কামাল রনি অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ৪৭ বিজিবির তেঁতুলবাড়ী বিওপির টহল কমান্ডার জেসিও মো. সাইদুর রহমানের নেতৃত্বে ছয় সদস্যের একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি চায়না পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৭.৬৫ মিলিমিটারের চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ গাংনী থানায় জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। সীমান্তে চোরাচালান ও অবৈধ অস্ত্র পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।








