ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : সাতক্ষীরায় বিচার বিভাগকে ঘিরে থাকা বিভিন্ন জটিলতা বাস্তবসম্মতভাবে নিরসন করে কার্যক্রমে গতি ফেরানোর আশ্বাস দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
আজ রবিবার সকাল ৯টায় সাতক্ষীরা জেলা জজ আদালতে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন আইনমন্ত্রী। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, স্থানীয় আদালতকেন্দ্রিক যেসব সংকটের কথা তিনি শুনেছেন সেগুলোর বাস্তবসম্মত সমাধান করেই সরকার সামনে এগোবে।
এরপর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণ এবং সুশাসন নিশ্চিতকরণ নিয়ে আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন আইনমন্ত্রী।
জেলা প্রশাসক মিজ কাউসার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন।
এদিকে, দিনব্যাপী কর্মসূচির শেষ পর্বে বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে তৃণমূল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে আইনমন্ত্রীর।








