ফাইল ছবি
অনলাইন ডেস্ক : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত হয়েছিলেন আসাদুল হক (৩৮) নামে এক বাংলাদেশি যুবক। তিনি ভারতের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত আসাদুল হক (৩৮) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ইদ্রইল গ্রামের বাসিন্দা।
ভারতের গণমাধ্যমের খবর থেকে এই তথ্য জানা গেছে বলে জানিয়েছেন বিজিবির দিনাজপুর ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন। শনিবার রাতে দিনাজপুর ৪২ বিজিবির দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, আসাদুল চিহ্নিত মাদক চোরাকারবারি ছিলেন। তিনি অবৈধ মানবপাচারের সঙ্গেও জড়িত ছিলেন। তার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় একাধিক মামলা আছে।
বিজিবি জানায়, শুক্রবার রাত দেড়টার দিকে পীরগঞ্জের সীমান্ত থেকে প্রায় দেড় কিলোমিটার ভারতের ভেতরে বাংলাদেশি চোরাকারবারি দলের ওপর বিএসএফের চকশিবানন্দ ক্যাম্পের সদস্যরা গুলি ছোড়েন। এতে আসাদুল হক আহত হন। পরে বিএসএফ সদস্যরা তাকে ভারতের রায়গঞ্জের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পীরগঞ্জের বৈরচুনা ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহাজাহান আলী বলেন, আসাদুল আমার এলাকার বাসিন্দা। ভারতীয় গণমাধ্যমের মাধ্যমে আমরা বিষয়টি জানতে পেরেছি। আমি তার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলে বিষয়টি বিজিবিকে জানিয়েছি।
বিজিবির লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন বলেন, বিএসএফ আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি। এ বিষয়ে রোববার বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।








