ফাইল ছবি
অনলাইন ডেস্ক : কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই যুবক নিহত হয়েছেন।
আজ সকালে উপজেলার চং নোয়াগাঁও হাওরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মোকাররম ও শাহ আলম একসঙ্গে মাছ ধরতে বাড়ির পাশের চং নোয়াগাঁও হাওরে যান। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়। এর সঙ্গে বজ্রপাতও হতে থাকে। একপর্যায়ে বজ্রাঘাতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
বৈরী আবহাওয়ার মধ্যে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে স্বজনেরা তাদের খোঁজে হাওরে যান। একপর্যায়ে হাঁটুপানির মধ্যে দুজনের মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
স্থানীয়রা জানান, মোকাররম ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন। সম্প্রতি তিনি গ্রামের বাড়িতে এসে বিয়ে করেছিলেন। শাহ আলম ধান পরিবহনের নৌকায় শ্রমিক হিসেবে কাজ করতেন। দুই যুবকের আকস্মিক মৃত্যুতে তাদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েব খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাওরে বজ্রপাতে দুজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।








