ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক :মুন্সীগঞ্জ সদর উপজেলার বল্লালবাড়ী এলাকায় শালিসকারী চাচাতো ভাইকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যাচেষ্টার অভিযোগে সেলিম বেপারী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার ব্যবহৃত একটি লোহার হাতুড়িও উদ্ধার করা হয়েছে। আটক সেলিম বেপারী সদর উপজেলার সিপাহি পাড়া বল্লাল বাড়ি এলাকার মৃত আহমাদ উল্লাহ বেপারীর ছেলে।
পুলিশ জানায়, গত ২০ জুলাই দুপুর প্রায় ২টার দিকে পারিবারিক বিরোধের জেরে বল্লালবাড়ী এলাকার বাসিন্দা আবুল কালাম বেপারী (৫৫)-কে হত্যার উদ্দেশ্যে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন তার চাচাতো ভাই সেলিম বেপারী। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় আহতের বোন সেলিনা বেগম বাদী হয়ে মুন্সীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, অভিযুক্ত সেলিম বেপারী মাদকাসক্ত। প্রায় আট মাস আগে তার মেয়ে পরিবারের অমতে বিয়ে করে চলে যাওয়ার পর থেকে স্ত্রী রোজিনা বেগমকে দায়ী করে নিয়মিত নির্যাতন করতেন। বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বজনরা একাধিকবার শালিস করলেও কোনো সমাধান হয়নি। বরং শালিসকারীদের প্রতিও ক্ষোভ প্রকাশ করতেন তিনি। এরই ধারাবাহিকতায় শালিসকারী চাচাতো ভাই আবুল কালাম বেপারীর ওপর হামলা চালানো হয় বলে তদন্তে উঠে এসেছে।
পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেনের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ইশতিয়াক আশফাক রাসেলের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। পরে মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার মুগদা থানার উত্তর মুগদার জান্নাতবাগ এলাকা থেকে সেলিম বেপারীকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জের বণিক্যপাড়া ব্রিজের ঢাল এলাকা থেকে ঘটনার ব্যবহৃত একটি লোহার হাতলযুক্ত হাতুড়ি উদ্ধার ও জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।








