দেলোয়ার হোসেন লাইফ ,বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: :নাটোরের বড়াইগ্রামে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধিত বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার বেসরকারি এতিমখানা ও স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বড়াইগ্রাম উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, এমপি। এ সময় বিশেষ অতিথি ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আবুল আজিজ।
বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হোসনে আরার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ, জেলা বিএনপির সদস্য এডভোকেট আব্দুল কাদের, সাবেক সদস্য মহুয়া নূর কচি, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান জামাল উদ্দিন আলী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম ও যুব উন্নয়ন কর্মকর্তা মো. উমিরুল ইসলাম প্রমুখ।
এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সুবিধাভোগী প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারি অনুদানের মাধ্যমে এতিমখানা ও স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ প্রতিষ্ঠানগুলো তাদের মানবিক ও সামাজিক কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করতে পারবে। সরকারের এ ধরনের সহযোগিতা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।








