ফাইল ছবি
অনলাইন ডেস্ক : গোপালগঞ্জে রাতভর নাশকতা সৃষ্টির চেষ্টার ঘটনায় আটজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় সাতটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ১৫টি ককটেল।
সোমবার সন্ধ্যা ৭টা থেকে মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে জেলা পুলিশের মিডিয়া সেল এসব তথ্য জানিয়েছে।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে দুটি গাছ কেটে যান চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা করা হয়। তবে দ্রুত পদক্ষেপ নিয়ে কাটা গাছ সরিয়ে সড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।
এ ছাড়া গোপালগঞ্জ সদর, কাশিয়ানী ও কোটালীপাড়া উপজেলার বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে ছয়টি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
এসব ঘটনার পরও ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।








