বিয়ের ক্ষেত্রে পিতা-মাতার সম্মতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিতা-মাতার সন্তুষ্টি ও পরামর্শকে গুরুত্ব দেওয়া এবং তাদের সম্মতি নেওয়ার সর্বাত্মক চেষ্টা করা উচিত। তাদের মতামতকে গুরুত্ব দেওয়া পিতা-মাতার সদাচারেরও অন্তর্ভুক্ত। আল্লাহ তায়ালা বলেন, আমি মানুষকে তার পিতা-মাতার সঙ্গে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি। (সুরা আল-আন-কাবুত, আয়াত: ৮)
পিতা-মাতা কোনো বৈধ বিষয়ে নির্দেশ দিলে এবং তা অমান্য করার কারণে তারা কষ্ট পেলে সন্তানের উল্লেখযোগ্য কোনো ক্ষতি না হলেও পালন করা সন্তানের জন্য ওয়াজিব। অন্যথায় পিতা-মাতার অবাধ্য হিসেবে গণ্য হবে। হাদিসে পিতা-মাতার অবাধ্যতার ব্যাপারে কঠোর সতর্কবাণী এসেছে। রাসুল (সা.) বলেছেন, পিতা-মাতার অবাধ্য ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। (মুসনাদে আহমাদ, হাদিস: ৬৮৯২)
তাই শুধু আবেগ বা পূর্বের সম্পর্কের কারণে পিতামাতার অমতে তাড়াহুড়ো করে বিয়ে করা সমীচীন নয়। বরং পাত্র বা পাত্রী দ্বীনদার ও উপযুক্ত হলে পিতা-মাতাকে বুঝিয়ে তাদের সম্মতি নেওয়ার চেষ্টা করতে হবে। আর যদি দ্বীনদারির অভাব বা অন্য কোনো যৌক্তিক কারণে পিতা-মাতা বিয়েতে অসম্মতি জানান, তাহলে তাদের মতামতকে গুরুত্ব দিয়ে বিয়ে থেকে সরে আসা উচিত।








