ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে একদিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি সহ বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রম শুরু হয়েছে।
রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম মণ্ডল।
খোঁজ নিয়ে জানা গেছে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি সহ বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ ছিলো। একদিন বন্ধের পর রোববার দুপুর ১২টা থেকে আবারও আমদানি-রপ্তানি স্বাভাবিক হয়েছে। বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশ করতে শুরু করেছে। বন্দর থেকে আনলোড হয়ে দেশি ট্রাক লোড করে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে শুরু করেছে।
এদিকে হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো, আজও স্বাভাবিক রয়েছে।








