ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : হবিগঞ্জের মাধবপুরে জাতীয় গ্রিডের কনডেনসেটবাহী পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার তেল চুরির ঘটনা ঘটেছে। গত দুই দিনে সংঘবদ্ধ একটি চক্র পাইপলাইনে অবৈধ সংযোগ স্থাপন করে এসব তেল চুরি করে। পরে চুরি করা তেল মজুদ করা হয় মাটির নিচে তৈরি বিশেষ গোপন ট্যাংকে।
এ ঘটনায় সাবেক এক ইউপি সদস্যসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করেছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)। বৃহস্পতিবার রাতে মাধবপুর থানায় মামলাটি করা হয়।
পুলিশ ও জিটিসিএল সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর রাত ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উত্তর নোয়াপাড়া এলাকার রতনপুর ডাক্তার বাড়িসংলগ্ন স্থানে কনডেনসেট চুরির বিষয়টি শনাক্ত করেন জিটিসিএলের নিরাপত্তাকর্মীরা। এ সময় পাইপলাইনের কাছে পাঁচ থেকে ছয়জন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পান তারা।
নিরাপত্তাকর্মীরা এগিয়ে গেলে চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করেন। পরে ঘটনাস্থল পরিদর্শন করে পাইপলাইন ছিদ্র করে হোসপাইপের মাধ্যমে কনডেনসেট বের করার প্রমাণ পাওয়া যায়।
জিটিসিএলের নিরাপত্তাকর্মীদের সুপারভাইজার দুলাল মিয়া জানান, ঘটনার সময় সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনকে ঘটনাস্থলের আশপাশে ঘোরাফেরা করতে দেখা যায়। তিনি নিরাপত্তাকর্মীদের ঘটনাস্থলে যেতে বাধা দেন বলেও অভিযোগ করেন তিনি।
খবর পেয়ে মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) সামসু উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় কনডেনসেট চুরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ছয় ইঞ্চি ব্যাসের একটি ক্ল্যাম্প, এক ইঞ্চি জিআই পাইপ, দুটি বলভালভসহ অন্যান্য সরঞ্জাম।
এ ছাড়া সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনের বাড়ির পুকুর ও আশপাশ থেকে তেল মজুদের কাজে ব্যবহৃত দুটি বড় পানির ট্যাংক উদ্ধার করা হয়। তার বাড়িতে মাটির নিচে কনডেনসেট সংরক্ষণের জন্য বিশেষভাবে তৈরি দুটি গোপন গর্ত বা ট্যাংকের সন্ধানও পান সংশ্লিষ্টরা।
জিটিসিএলের আশুগঞ্জ অঞ্চলের উপমহাব্যবস্থাপক (সিকিউরিটি) মো. মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপক মো. জায়েদ হোসেন জানান, দুই দিনে প্রায় ৪ হাজার ২৯২ লিটার তেল চুরি হয়েছে।
এ বিষয়ে মাধবপুর থানার (ওসি) সোহেল রানা বলেন, সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনের নাম উল্লেখ করে পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, ২০১৬ সালের ১০ জানুয়ারি মাধবপুরের আদাঐর ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় জাতীয় গ্রিডলাইনের পাইপ ছিদ্র করে তেল চুরির ঘটনা ঘটেছিল।








