লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর। জামালপুরে তামাক চাষ পরিহার করে বিকল্প ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে দিনব্যাপী কর্মশালা ও বীজ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জামালপুর সদর উপজেলার তুলশীরচর ফ্লাড সেন্টারে উপজেলা পরিষদের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে তিন শতাধিক কৃষক অংশ নেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসনীন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জামালপুরের উপপরিচালক মোহাম্মদ আলম শরীফ খান, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বাগত সাহা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. এমদাদুল হক, অতিরিক্ত উপপরিচালক দিলরুবা ইয়াসমিনসহ অন্যরা।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট ওয়ারেছ আলী মামুন এমপি বলেন, তামাক মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। কৃষকদের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে তামাক চাষ পরিহার করে বিকল্প ফসল চাষে এগিয়ে আসতে হবে। এ সময় তিনি ভুট্টা ও সরিষাসহ লাভজনক বিকল্প ফসল চাষে কৃষকদের পরামর্শ দেন।
কর্মসূচির অংশ হিসেবে তুলসীরচর ও লক্ষ্মীরচর ইউনিয়নের দুটিতে ৩০০ জন তামাক চাষির মধ্যে প্রণোদনা হিসেবে ভুট্টা ও সরিষার ফসলের বীজ বিতরণ করা হয়।








