ফাইল ছবি
অনলাইন ডেস্ক : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কথা কাটাকারি জেরে ইমদাদুল হক (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত নাইস খন্দকারকে (২৫) পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
বুধবার রাত ১০টার দিকে উপজেলার নওদাবন্ডবিল নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইমদাদুল আলমডাঙ্গা পৌর এলাকার নওদাবন্ডবিল গ্রামের রেজাউল করিমের ছেলে। অভিযুক্ত নাইস একই উপজেলার গোবিন্দপুর গ্রামের মজনু খন্দকারের ছেলে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, বুধবার রাতে নাইস খন্দকার ও ইমদাদুল হক নওদাবন্ডবিল এলাকার নতুন বাসস্ট্যান্ডে বসে আড্ডা দিচ্ছিল। এ সময় ইমদাদুলকে উদ্দেশ্য করে নাইস কটূক্তি করে। এ নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এ ঘটনার পর ইমদাদুল বিষয়টি নিয়ে নাইসের মায়ের কাছে অভিযোগ জানায়। এতে নাইস ক্ষিপ্ত হয়ে কাঠ দিয়ে ইমদাদুলের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে জখম করে।
ওসি জানান, স্থানীয়রা মারাত্মক আহত অবস্থয় ইমদাদুলকে উদ্ধার করে প্রথমে আলমডাঙ্গা শহরের একটি ক্লিনিকে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি জানান, মরদেহ উদ্ধার করে আলমডাঙ্গা থানায় নেওয়া হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত যুবককে আটক করা হয়।








