ফাইল ছবি
অনলাইন ডেস্ক : চোরাচালান ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে একের পর এক সফল অভিযানের পাশাপাশি চোরাচালানের নতুন রুট ও কৌশলের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। গত ১৩ ও ১৪ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং কমলাপুর রেলওয়ে ফরেন পোস্ট অফিসে পরিচালিত ধারাবাহিক পৃথক অভিযানে ভায়াগ্রা ও ইনসুলিনসহ বিপুল পরিমাণ ওষুধ, আমদানি-নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিম, বিদেশি সিগারেট, স্বর্ণালংকার, ল্যাপটপ, ব্যবহৃত মোবাইল ফোন এবং মদ জাতীয় পানীয় জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৩ লাখ ৪০ হাজার ১০০ টাকা।
অভিযানগুলোর মাধ্যমে আন্তর্জাতিক ফ্লাইটে ভায়াগ্রাসহ সংবেদনশীল ওষুধ আনা এবং বিমানবন্দর থেকে ডাক বাছাই কেন্দ্র হয়ে রেলপথ ব্যবহার করে চট্টগ্রাম জিপিওতে পণ্য পাঠানোর নতুন একটি চোরাচালান কৌশল প্রকাশ পেয়েছে।
বিমানবন্দরে ভায়াগ্রা ও ইনসুলিন উদ্ধার (জনস্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধ)
১৪ অক্টোবর ইথিওপিয়ান এয়ারলাইন্সের যাত্রী জাহাঙ্গীরের ব্যাগেজ তল্লাশি করে ভায়াগ্রা ও ইনসুলিনসহ প্রায় ৫৫ কেজি ওষুধ আটক করা হয়। চিকিৎসকের পরামর্শ ছাড়া ভায়াগ্রার অনিয়ন্ত্রিত ব্যবহার এবং ইনসুলিনের মতো তাপমাত্রা-সংবেদনশীল ওষুধের কোল্ড চেইন না মেনে পরিবহন জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকি তৈরি করে।
কমলাপুরে ডাক ও রেলপথের নতুন রুট শনাক্ত
১৩ অক্টোবর কমলাপুর রেলওয়ে স্টেশনের ফরেন পোস্ট অফিসে অভিযান চালিয়ে ৭,৭৮৭ পিস আমদানি-নিষিদ্ধ ‘গৌরি ক্রিম’ এবং ৩১টি ব্যবহৃত ল্যাপটপ জব্দ করা হয়। আকাশপথে দেশে আসার পর পণ্যগুলো বিমানবন্দরের ডাক বাছাই কেন্দ্র ও কমলাপুরের আরএমএস সেন্টার হয়ে চট্টগ্রাম জিপিওতে পাঠানোর পরিকল্পনা ছিল। এই ঘটনায় বিমান, ডাক ও রেল পরিবহন শৃঙ্খলে সমন্বিত কাস্টমস নজরদারির প্রয়োজনীয়তা স্পষ্ট হয়েছে।
অন্যান্য উদ্ধার ও ব্যাগেজ তল্লাশি
১৩ অক্টোবর : বিভিন্ন ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ থেকে ১০০ গ্রাম স্বর্ণালংকার, ল্যাপটপ, মোবাইল ফোন, ২৮৮ কার্টন সিগারেট, ৪৬ কেজি নিষিদ্ধ ক্রিম এবং ১৭ লিটার মদ আটক করা হয়।
১৪ অক্টোবর : থাই এয়ারওয়েজ, সালাম এয়ার ও অন্যান্য ফ্লাইটের যাত্রী এবং পরিত্যক্ত কার্টন থেকে উদ্ধার করা হয় যৌথভাবে মোট ২৪৩ কার্টন সিগারেট, ৩৮ কেজি কসমেটিকস ও ১৮.১৮ কেজি গৌরি ক্রিম।
দুই দিনের অভিযানের মোট হিসাব
– বিদেশি সিগারেট ৫৩১ কার্টন;
– আমদানি-নিষিদ্ধ গৌরি ক্রিম (কমলাপুর)৭,৭৮৭ পিস;
– নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিম (বিমানবন্দর)৬৪.১৮ কেজি;
– অন্যান্য কসমেটিকস ৬৮ কেজি;
– ওষুধ (ভায়াগ্রা ও ইনসুলিনসহ)৫৫.৮ কেজি;
– স্বর্ণালংকার১০০ গ্রাম;
– ৩২টি ল্যাপটপ এবং ৩টি মোবাইল;
– মদ ও অ্যালকোহলজাতীয় পানীয়১৭ লিটার।
এক নজরে মোট জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য: ১ কোটি ১৩ লাখ ৪০ হাজার ১০০ টাকা।
এই ধারাবাহিক সফল অভিযান কেবল শুল্ক ও রাজস্ব সুরক্ষাই করেনি, বরং ওষুধের অবৈধ বাণিজ্য প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিমানবন্দর, ডাক বাছাই কেন্দ্র ও রেলে এই সমন্বিত নজরদারি ও অনুসন্ধান কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।








