ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি কারখানার শ্রমিকরা। আন্দোলনের পর সাউন্ড গ্রেনেড ছুড়ে মহাসড়ক থেকে শ্রমিকদের ছত্রভঙ্গ করে পুলিশ। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে শ্রীপুরের মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ জানান, গতকাল বুধবার বেতন দেওয়ার তারিখ থাকলে বেতন না দিয়ে টালবাহানা করতে থাকে। আজকে সাধারণ ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। এ কারণেই তারা আন্দোলনে নামেন।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, কারখানার শ্রমিকরা সেপ্টেম্বর মাসের বেতনের দাবি জানিয়ে মহাসড়ক অবরোধ করেছিলেন। পরে তাদের মালিকপক্ষের সাথে আলোচনা করার প্রস্তাব জানিয়ে মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করি। তারা অনুরোধে সাড়া না দিয়ে মহাসড়ক অবরোধ অব্যাহত রাখে। পরে তাদের বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মালিকপক্ষের সাথে আলোচনা করে বেতনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।








