ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহরাত আদিব চৌধুরীর নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে এসেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সংসদীয় স্থায়ী কমিটি কক্সবাজারে পৌঁছে সরাসরি উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে পরিদর্শনে চলে যায়।
প্রতিনিধিদলে রয়েছেন- কমিটির সভাপতি জাহরাত আদিব চৌধুরী, এস কে আজিজুল বারী, সৈয়দ আল নোমান, হুম্মাম কাদের চৌধুরী, সানজিদা ইসলাম তুলি ও মীর আহমদ বিন কাসেম। এ ছাড়া কক্সবাজারের উখিয়া টেকনাফের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী প্রতিনিধিদলের সঙ্গে রয়েছেন।
পরিদর্শনকালে সংসদীয় স্থায়ী কমিটির প্রতিনিধিদল রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি, রোহিঙ্গাদের জীবনযাপন, মানবিক সহায়তা কার্যক্রম এবং প্রত্যাবাসন-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নিচ্ছে।
কর্মসূচির অংশ হিসেবে প্রতিনিধিদলের রোহিঙ্গা হেরিটেজ সেন্টার (ক্যাম্প-৬), তুর্কি হাসপাতাল (ক্যাম্প-৯) এবং বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) খাদ্য বিতরণকেন্দ্র (ক্যাম্প-৪) পরিদর্শনের কথা রয়েছে। এ ছাড়া ক্যাম্পের রোহিঙ্গা যুবক ও নারীদের সঙ্গে মতবিনিময়েরও কর্মসূচি রয়েছে।








