ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৯৯ বোতল ভারতীয় সিরাপ এবং অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশি নারীসহ এক মানবপাচারকারী দালালকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বুধবার (৭ অক্টোবর) বিকেলে মহেশপুর উপজেলার কুসুমপুর বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬১/১৪ থেকে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাপাতলা গ্রামের মোড় এলাকায় হাবিলদার মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে নিয়মিত টহল দল অভিযান চালায়।
এসময় বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে যাওয়ার প্রাক্কালে মো. ফয়েজ উদ্দিন (২৫) নামে এক দালালসহ তিন বাংলাদেশি নারীকে আটক করা হয়। আটক দালাল ফয়েজ উদ্দিন মহেশপুর উপজেলার কুসুমপুর ইউনিয়নের পিপুলবাড়িয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে। পরে আটক ব্যক্তিদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়।
অপরদিকে, বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের মাটিলা বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৫২/১২ থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্মশানঘাট নামক স্থানে আরেকটি মাদকবিরোধী অভিযান চালানো হয়। সুবেদার মো. মোস্তাক আহমেদের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে মালিকবিহীন অবস্থায় ৯৯ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপ জব্দ করে বিজিবি।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।








