ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. জসিম ওরফে সিলেটি জসিমকে (৩৯) ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানার গ্যাসলাইন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জসিম চট্টগ্রামের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার সরাফত আলীর ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, খুলশী থানার একটি ডাকাতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত জসিম ভালুকা এলাকায় অবস্থান করছেন। এর পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম ও ময়মনসিংহ ইউনিট র্যাবের একটি যৌথ দল ভালুকা মডেল থানার গ্যাসলাইন এলাকায় অভিযান চালিয়ে জসিমকে গ্রেপ্তার করে।
চট্টগ্রাম র্যাবের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বলেন, গ্রেপ্তারের পর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জসিমকে ময়মনসিংহের ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।








