ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : মহাকাব্যভিত্তিক সিনেমা ‘রামায়ণ’-এর প্রথম ট্রেলার প্রকাশের পর থেকেই আলোচনায় রয়েছেন অভিনেত্রী রাকুল প্রীত সিং।
ট্রেলারে মাত্র কয়েক সেকেন্ডের উপস্থিতিতেই রাবণের বোন শূর্পনখা চরিত্রে তার অভিনয় দর্শকদের কৌতূহল বাড়িয়েছে। এবার সেই চরিত্র বেছে নেওয়ার পেছনের কারণ নিজেই জানালেন এই অভিনেত্রী।
সম্প্রতি এক ভক্ত চিঠির মাধ্যমে জানতে চান, বিতর্কিত ও জটিল এই পৌরাণিক চরিত্রে অভিনয়ের সিদ্ধান্ত কেন নিয়েছেন তিনি এবং চরিত্রটি ফুটিয়ে তুলতে কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। জবাবে ভক্তকে ধন্যবাদ জানিয়ে রাকুল বলেন, শূর্পনখার চরিত্রের বহুমাত্রিক দিকই তাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে।
তিনি লেখেন, ‘ইতিহাসে সাধারণত শূর্পনখাকে একটি নির্দিষ্ট ঘটনার ভিত্তিতেই বিচার করা হয়েছে। কিন্তু তার গল্পের পেছনে আরও অনেক স্তর, অনুভূতি ও রহস্য রয়েছে। একজন শিল্পী হিসেবে এমন চরিত্রে কাজ করতে ভালো লাগে, যা মানুষের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ জানায়।’
রাকুল আরও আশা প্রকাশ করেন, সিনেমাটি মুক্তির পর দর্শকরা পূর্বধারণা বাদ দিয়ে নতুন দৃষ্টিভঙ্গিতে শূর্পনখা চরিত্রটিকে দেখবেন এবং তার গল্পকে ভিন্নভাবে উপলব্ধি করবেন।
দুই পর্বে নির্মিত হতে যাওয়া এই ‘রামায়ণ’ ফ্র্যাঞ্চাইজির বাজেট প্রায় ৪ হাজার কোটি টাকা বলে জানা গেছে, যা ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম ব্যয়বহুল প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের দীপাবলিতে ছবির প্রথম পর্ব মুক্তি পাবে। আর দ্বিতীয় পর্বটি মুক্তির কথা রয়েছে আগামী বছরের কোনো এক উৎসব মৌসুমে।








