ফাইল ছবি
অনলাইন ডেস্ক : ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও বাংলা অ্যাফেয়ার্স সম্পাদক মুজাহিদুল ইসলাম (রাজু হামিদ) এবং নিউজ পোর্টালটির এক রিপোর্টারের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জানিয়েছে ডিআরইউ।
একই সঙ্গে প্রাণনাশ ও মরদেহ গুম করে ফেলার প্রকাশ্য হমকি দেওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে সংগঠনটি।
শনিবার (২৫ জুলাই) এক যৌথ বিবৃতিতে ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এ নিন্দা জানান।
নেতারা বলেন, অনিয়ম, দুর্নীতি ও জ্ঞাতবহির্ভূত সম্পদের তথ্য সংগ্রহ করতে গিয়ে শনিবার দুপুরে মানিকগঞ্জের গঙ্গাধরপট্টি সাকিনে ঢাকার নবাবগঞ্জ উপজেলার সাব-রেজিস্ট্রার নাজমুল হাসান ও আল মামুনসহ তাদের সহযোগীদের দ্বারা দুজন সাংবাদিক অতর্কিত হামলার শিকার হন। এসময় ক্যামেরা, মাইক্রোফোন, ট্রাইপড, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার পাশাপাশি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। তাদের প্রাণে মেরে মরদেহ গুম করে ফেলার প্রকাশ্য হুমকি দেওয়া উদ্বেগের বিষয়। এ ঘটনায় মানিকগঞ্জ থানায় অভিযোগ করা হয়েছে। তার বিপরীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নেবে বলে বিশ্বাস করে ডিআরইউ।
ডিআরইউ নেতারা আরও বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে এভাবে সাংবাদিকদের ওপর হামলা ও ক্যামেরাসহ জিনিসপত্র ছিনিয়ে নেওয়া এবং মোটরসাইকেল ভাঙচুর মেনে নেওয়া যায় না। এ ধরনের ঘটনা স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকতার পরিপন্থি। একটি গণতান্ত্রিক সমাজে এ ধরনের ন্যাক্কারজনক হামলা সাংবাদিক সমাজ মেনে নেবে না। এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া না হলে সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।








