ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ছাব্দারপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। রবিবার ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, শনিবার রাতের দিকে খুলনা থেকে পার্বতীপুরের উদ্দেশে ছেয়ে যাওয়া একটি মালবাহী ট্রেন কোটচাঁদপুরে ছাব্দারপুর স্টেশন এলাকায় পৌঁছালে এর কয়েকটি বগি লাইনচ্যুত হয়। এতে ওই রুটে ট্রেন চলাচল ব্যাহত হয় এবং খুলনার সঙ্গে উত্তরবঙ্গের সব ধরনের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
খুলনা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জাকির হোসেন জানান, ভোরে লাইনচ্যুতির খবর পাওয়ার পর দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে। ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইন সচল করার কাজ করছে। লাইনচ্যুতির কারণে চিলাহাটি থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি পথে আটকে রয়েছে। ট্রেনটি খুলনায় পৌঁছে রূপসা এক্সপ্রেস হিসেবে পুনরায় যাত্রা করার কথা থাকলেও কখন তা সম্ভব হবে, এ মুহূর্তে বলা যাচ্ছে না।
এদিকে খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেসও দুর্ঘটনার কারণে পথে আটকে পড়েছে। ফলে যাত্রীদের ভোগান্তি বেড়েছে এবং ট্রেন চলাচল স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার কাজ শেষ করে দ্রুততম সময়ের মধ্যে রেললাইন সচল করার চেষ্টা চলছে। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।








