ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকচাপায় তারিফ উদ্দীন (৭৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। বুধবার ভোরে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের চন্ডীপুর এলাকার হান্নান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৫টার দিকে নিহত বৃদ্ধা তারিফ উদ্দীন ফজরের নামাজ আদায় শেষে হাঁটতে বের হন। মহাসড়কের পাশ দিয়ে হেঁটে হান্নান ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে কুষ্টিয়াগামী একটি ১০ চাকার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তারিফ উদ্দীনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে।
ঝিনাইদহ-আরাপপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর আলী বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।








