ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : ২০২৭ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালের ভেন্যু ও সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী বছরের ৯ থেকে ১৩ জুন ইংল্যান্ডের ঐতিহাসিক দ্য ওভাল মাঠে অনুষ্ঠিত হবে টেস্ট ক্রিকেটের শিরোপা নির্ধারণী ম্যাচ।
এর আগে আইসিসি ঘোষণা দিয়েছিল, ২০২৭, ২০২৯ ও ২০৩১ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আয়োজক হবে ইংল্যান্ড। সেই সিদ্ধান্ত অনুযায়ী প্রথম আসরের ভেন্যু হিসেবে দ্য ওভালকে বেছে নিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ২০২৩ সালেও এই মাঠেই ভারতকে হারিয়ে প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া।
বর্তমান ডব্লিউটিসি চক্রে ইতোমধ্যে জমে উঠেছে ফাইনালের লড়াই। এখন পর্যন্ত নয়টি দলই গাণিতিকভাবে ফাইনালে ওঠার সম্ভাবনা ধরে রেখেছে।
পয়েন্ট শতাংশের হিসাবে ৮৭.৫০ শতাংশ নিয়ে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা ৭৫ শতাংশ নিয়ে দ্বিতীয় এবং নিউজিল্যান্ড ৭২.২২ শতাংশ নিয়ে রয়েছে তৃতীয় স্থানে।
অন্যদিকে, মে মাসে পাকিস্তানের মাটিতে ২-০ ব্যবধানে সিরিজ জয়ের সুবাদে পয়েন্ট তালিকায় বড় অগ্রগতি করেছে বাংলাদেশ। ৫৮.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে টাইগাররা। ফলে প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সম্ভাবনাও জোরালো হয়েছে।
দুইবারের ফাইনালিস্ট ভারত ৪৮.১৫ শতাংশ পয়েন্ট নিয়ে রয়েছে পঞ্চম স্থানে। এরপর রয়েছে শ্রীলঙ্কা (৪১.৬৭), ইংল্যান্ড (২৪.৩৬), ওয়েস্ট ইন্ডিজ (১৫) এবং পাকিস্তান (৮.৩৩ শতাংশ)।








