লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রপতির এত বছর পরে মনে হলো তার পদত্যাগ করা প্রয়োজন। রাষ্ট্রপতি পদত্যাগ করবে না, হয়তো সরকারই রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। এই বিএনপি সরকার, যারা বলে দুই-তৃতীয়াংশ আসন পেয়ে তারা সরকার গঠন করেছে। পাঁচ মাসে তারা আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে নাই। যেই সরকার আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করার সক্ষমতা রাখে না, সে দেশ পরিবর্তন করবে কীভাবে? আমরা মনে করি, ফ্যাসিবাদের দোসর চুপ্পু পদত্যাগ করলেই হবে না, পদত্যাগের পরে তাকে গ্রেপ্তার করতে হবে। কারণ গণহত্যায় তার সমর্থন রয়েছে, স্পষ্ট প্রমাণ রয়েছে যে সে দুর্নীতিবাজ। ফলে সেই ব্যক্তিকে অবিলম্বে অপসারণ করে তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে পদযাত্রা শেষে শহরের ফৌজদারী মোড়ে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, একজন যোগ্য, নিরপেক্ষ, অভিভাবকসুলভ ব্যক্তিকে এই বাংলাদেশের জনগণ রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়। আমরা দেখেছি, বিএনপি সরকার অতীতেও রাষ্ট্রপতি নিয়ে অনেক তালবাহানা করেছেন। কোনো জনপ্রিয় ব্যক্তিকে, নিজের দলের ব্যক্তিকেও তারা রাষ্ট্রপতি হতে দেয় নাই। তারা সবকিছু কুক্ষিগত করতে চায়, সবকিছু নিয়ন্ত্রণ করতে চায়। আমরা দেখব বিএনপি সরকার এবার কাকে রাষ্ট্রপতি নির্বাচন করে। কোনো অযোগ্য লোককে রাষ্ট্রপতি যদি নির্বাচন করে, জনগণের এই সরকারের উপর তো কোনো আস্থা নেই, আরও সম্পূর্ণরূপে সকল আস্থা চলে যাবে।
সমাবেশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামালপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক এডভোকেট আবু সাইদ শামিমের সভাপতিত্বে এনসিপির উওরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, এনসিপির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, এনসিপি জামালপুরের সদস্য সচিব ডা. মোশাররফ হোসেনসহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
এর আগে বৃহস্পতিবার বিকেলে শহরের দয়াময়ী মোড় থেকে পদযাত্রা বের হয়। পদযাত্রাটি শহরের প্রধান সড়ক পদক্ষিণ করে ফৌজদারী মোড়ে গিয়ে শেষ হয়।








