ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : যুদ্ধবিরতি শেষের আগেই উত্তেজনা বাড়িয়ে তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
স্থানীয় সময় মঙ্গলবার রাতে তেহরানের প্রধান এক চত্বরে অনুষ্ঠিত সমাবেশে গদর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকাশ্যে প্রদর্শন করা হয়। সেখানে অংশগ্রহণকারীরা ‘ডেথ টু আমেরিকা’ স্লোগান দেন এবং আইআরজিসির এয়ারোস্পেস ফোর্সের কমান্ডার মাজিদ মুসাভিকে প্রশংসা করে তেল আবিব লক্ষ্য করে হামলার আহ্বান জানান।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, জনসাধারণের চলাচলস্থল ও আবাসিক এলাকার মধ্যেই ক্ষেপণাস্ত্রগুলো প্রদর্শন করা হয়।
তেহরানের আরেকটি বড় চত্বরে আলাদাভাবে খোররামশাহর-৪ ক্ষেপণাস্ত্রও প্রদর্শন করা হয়। শুধু তেহরানেই নয়, দেশটির দক্ষিণাঞ্চলের সাংস্কৃতিক রাজধানী ও কবিদের শহর শিরাজ, উত্তর-পশ্চিমাঞ্চলের তাবরিজ এবং ইরানের পশ্চিম-কেন্দ্রীয় প্রদেশ জাঞ্জানেও ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি, যুদ্ধ শুরুর পর থেকে প্রতিদিনই ইরানের বিভিন্ন শহরে চত্বরে এসব সরকারপন্থি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিচ্ছে দেশটির শীর্ষ কর্মকর্তারা।
এদিকে, আজ বুধবার যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল, তার আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন।
তিনি বলেছেন, পাকিস্তানের অনুরোধে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবে এবং একই সঙ্গে ইরানের বন্দরগুলোতে অবরোধ অব্যাহত থাকবে।
সূত্র : বিবিসি।








