ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : ইরানের সাথে সাম্প্রতিক যুদ্ধ নিয়ে তীব্র সমালোচনার মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এই যুদ্ধের সিদ্ধান্ত ছিল একান্তই তার নিজস্ব। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় তিনি বলেন, ইসরায়েল তাকে এই যুদ্ধে নামতে কোনো প্ররোচনা দেয়নি।
ট্রাম্পের মতে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ফলাফল এবং ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের চিরস্থায়ী হুমকিই তাকে এই সামরিক পদক্ষেপ নিতে বাধ্য করেছে। তবে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড সম্প্রতি কংগ্রেসে সাক্ষ্য দিয়েছেন, ইরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। এছাড়া গত বছরের জুনে ইরানি স্থাপনায় মার্কিন হামলার পর ট্রাম্প নিজেই দাবি করেছিলেন যে দেশটির পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে।
চলমান এই সংঘাতের ফলে বিশ্বজুড়ে জ্বালানি সংকট প্রকট আকার ধারণ করেছে। বিশেষ করে গত ফেব্রুয়ারিতে মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনিসহ শীর্ষ কর্মকর্তাদের নিহতের পর ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। এর ফলে যুক্তরাষ্ট্রে তেলের দাম আকাশচুম্বী হয়েছে, যা সরাসরি মুদ্রাস্ফীতিতে প্রভাব ফেলছে।
বর্তমানে সেখানে প্রতি গ্যালন পেট্রোলের দাম ৪ ডলারের উপরে অবস্থান করছে। এনবিসি নিউজের এক সাম্প্রতিক জরিপ অনুযায়ী, অন্তত দুই-তৃতীয়াংশ আমেরিকান এই যুদ্ধ পরিচালনায় ট্রাম্পের ভূমিকার প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। সূত্র: আল জাজিরা








