শাহনাজ পারভীন মিতা :
একটি পথ মিলায় দূর থেকে দূর,
তুমি যেতে পারো কতদূর!
যে দিগন্তে মিলে যায় সেই পথ,
যেইখানে তুমি আঁকতে চাও স্বপ্নছবি!
কত ছবি মনের ভেতর দোলে
কত মুখ প্রাণের পরে ভাসে,
রঙে রঙে সেই ক্যানভাসে
কেউ কি তোমার মনে হাসে!
তুমি শুধু হেঁটে চলো দিগন্তরেখায়,
একটি বিন্দুকে আরেক বিন্দুতে
মিশিয়ে দিতে চাও,
যেমন মিশে যায় পথ ও নীলাকাশ।
পথ শুধুই তোমায় ডেকে যায়
হয়তো একটি সরলরেখার প্রতীক্ষায়।








