ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : কার্যকর তামাক নিয়ন্ত্রণের জন্য সমন্বিত প্রচেষ্টা আবশ্যক বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রবিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।
কর্মশালায় জানানো হয়, প্রতিরোধযোগ্য মৃত্যুর সবচেয়ে বড় কারণ তামাক ব্যবহার। তামাক ব্যবহারজনিত রোগে দেশে প্রতিবছর প্রায় ২ লাখ মানুষ প্রাণ হারায় যা মোট মৃত্যুর প্রায় ১৮.৩ শতাংশ। একই কারণে প্রতিবছর ৪৪ লাখ মানুষ রোগাক্রান্ত এবং ৪ লাখের বেশি মানুষ পঙ্গুত্বের শিকার হয়। দেশে রোগ ও মৃত্যু কমাতে একটি শক্তিশালী তামাক কর নীতি আবশ্যক।
স্বাস্থ্য অর্থনীতি ইউনিট কর্তৃক আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী। স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রুমানা হক।
প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, তামাক সেবন একটি নেশা এই নেশা থেকে মানুষকে দূরে রাখতে সচেতনতা সৃষ্টির পাশাপাশি কঠোর বিধান আর তার প্রয়োগ নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, কার্যকর তামাক নিয়ন্ত্রণের জন্য সমন্বিত প্রচেষ্টা আবশ্যক। কার্যকরভাবে তামাক নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে নীতি প্রণয়ন ও তার প্রয়োগ নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, আমাদের তামাকজাত দ্রব্যের ওপর কর বাড়ানোর পাশাপাশি কর আদায়ও নিশ্চিত করতে হবে।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী বলেন, আমাদের তামাকজাত দ্রব্যের ওপর কর বৃদ্ধির পাশাপাশি রাজস্ব ফাঁকি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। তাহলে একই সাথে তামাকের ব্যবহার কমবে এবং সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে।
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেন, দাম বাড়িয়ে পণ্যের চাহিদা কমানো একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি। তাই চাহিদা ও প্রাপ্যতা কমাতে তামাকজাত দ্রব্যের কর বাড়াতে হবে পাশাপাশি তামাক চাষ নিয়ন্তণ করতে হবে। এজন্য আমাদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি তামাক কর নীতির সুপারিশ প্রণয়নের জন্য ধন্যবাদ জানান।
ড. রুমানা হক তার বক্তব্যে বলেন, বাংলাদেশে হৃদরোগজনিত মৃত্যুর প্রায় ২৪ শতাংশ, সব ধরনের ক্যানসারে মৃত্যুর প্রায় ৪৬ শতাংশ সরাসরি তামাক ব্যবহারের সঙ্গে সম্পর্কিত। পরোক্ষ ধূমপানের কারণে বছরে ৬১ হাজার শিশু নানা রোগে আক্রান্ত হয়ে সুস্থ জীবন-বছর হারাচ্ছে। একটি জাতীয় তামাক কর নীতিতে সুপারিশসমূহ তুলে ধরে তিনি বলেন, এই সুপারিশর আলোকে তামাক কর নীতি প্রণীত হলে তামাক ব্যবহারজনিত রোগ, মৃত্যু ও স্বাস্থ্য ঝুঁকি কমবে এবং সার্বিক জনস্বাস্থ্য পরিস্থিতির উন্নতি হবে।
কর্মশালায় সভাপতির বক্তব্যে স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. এনামুল হক বলেন, বাংলাদেশে ধূমপানের কারণে একজন ধূমপায়ী গড়ে তার জীবনের প্রায় ৭টি সুস্থ বছর হারান। তামাক ব্যবহারের ফলে স্বাস্থ্যগত ব্যয় পরিবেশগত ক্ষতির পরিমাণ বছরে প্রায় ৮৭ হাজার ৫৪৪ কোটি টাকা, যা তামাক খাত থেকে আসা রাজস্ব আয়ের দ্বিগুণেরও বেশি।
তিনি বলেন, দেশে একটি কমপ্রিহেন্সিভ তামাক কর নীতি প্রণীত হলে তামাকজনিত স্বাস্থ্যগত ও পরিবেশগত প্রভাবের কারণে অর্থনৈতিক ক্ষতি হ্রাস পাবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনৈতিক গবেষণা ব্যুরো (বিইআর) এবং বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোব্যাকো ট্যাক্স পলিসির (বিএনটিটিপি) কারিগরি সহায়তায় আয়োজিত এই কর্মশালায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কার্যালয়ের প্রতিনিধি, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ, চিকিৎসক, সাংবাদিক ও তামাক নিয়ন্ত্রণ বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।








