ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : খিলগাঁওয়ে চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামি মো. ফজলে রাব্বিকে (২৫) বরিশালের হিজলা থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮। শনিবার রাতে হিজলা উপজেলার শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ফজলে রাব্বি হিজলা উপজেলার শ্রীপুর এলাকার বাসিন্দা স্বপন দেওয়ানের ছেলে।
এসআরবি সূত্রে জানা গেছে, পূর্ববিরোধের জেরে গত ২৯ জুলাই সন্ধ্যায় ঢাকার খিলগাঁও এলাকায় মো. শামসু উদ্দিন খানের ছেলে কামরুজ্জামান দীপুকে (৩৫) জোরপূর্বক তুলে নিয়ে মারধর ও গুরুতর জখম করা হয়। পরে ৩১ জুলাই সন্ধ্যায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় খিলগাঁও থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ, কল ডিটেইলস রেকর্ড এবং গ্রেপ্তার হওয়া অপর এক আসামির আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দি বিশ্লেষণ করে ফজলে রাব্বির সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাতে শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর ফজলে রাব্বিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হিজলা থানায় হস্তান্তর করা হয়েছে।








