ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক :খিলগাঁও থানার নাগদারপাড় পেট্রোল পাম্পের বিপরীত পাশের ওয়ার্কশপে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মো. মোস্তফা (২২) নামের ওই যুবককে পূর্ব শত্রুতার জের ধরে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।
শনিবার (২১ নভেম্বর) সকাল পৌনে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোস্তফাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় বোন জুলেখা বেগম বলেন, আমার ভাই দিনমজুর ছিলেন, যেখানে কাজ পেতেন সেখানে কাজ করতেন। এছাড়া বাড়ির পাশেই একটি খালে মাছের চাষ করতেন। এ নিয়ে প্রতিবেশী হোসেনের সঙ্গে বিরোধ চলছিল। শুক্রবার দিনগত রাত সাড়ে তিনটার দিকে তারা বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে নাগদারপাড়ে এক ওয়ার্কশপে নিয়ে হোসেন, ইউনুসসহ অজ্ঞাতপরিচয় ৪/৫ জন মিলে আমার ভাইকে পিটিয়ে গুরুতর আহত করে।
তিনি বলেন, খবর পেয়ে ভাইকে উদ্ধার করে প্রথমে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে আমার ভাইকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।








