ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিএনপির সন্ত্রাসবিরোধী সমাবেশ চলাকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ছোট হাতবোমা বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় রাসেল নামে এক সন্দেহভাজন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় পদ্মা সেতু উত্তর থানার পাশের খানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে উপজেলা শ্রমিক দল ও ছাত্রদলের আয়োজনে খানবাড়ি এলাকায় সন্ত্রাসবিরোধী সমাবেশ শুরু হয়। সমাবেশে নেতাকর্মীদের বক্তব্য শেষে তারা সেখানে অবস্থান করছিলেন। এ সময় সন্ধ্যায় সমাবেশস্থলের বিপরীত পাশে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ওপর বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। পরে উপস্থিত লোকজন ধাওয়া করে রাসেল নামে এক যুবককে আটক করেন। এ সময় তাকে মারধর করা হয়।
পরে আটক যুবককে পদ্মা সেতু উত্তর থানায় হস্তান্তর করা হয়। ঘটনার পর এলাকায় বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা।
পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন বলেন, সেখানে ককটেল নয়, একটি ছোট হাতবোমা বিস্ফোরিত হয়েছে। স্থানীয়রা একজনকে আটক করে পুলিশের কাছে দিয়েছেন। তিনি এ ঘটনার সঙ্গে জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।








