ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির উপজেলার ভেকিনগরে রয়েল পরিবহনের একটি বাস মহাসড়কের মাঝখানে উল্টে ২৫ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে মহাসড়কের দাউদকান্দি উপজেলা ভেকিনগরে দুর্ঘটনাটি ঘটে।
দাউদকান্দি হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকাগামী রয়েল পরিবহনের একটি বাস দ্রুত বেগে আসা একটা রিকশাকে রক্ষার্থে ব্রেক করলে মহাসড়কের মাঝাখানে উল্টে যায়। এতে বাসে থাকা ৫০ জন যাত্রী আটকে যায়। যাত্রীদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে হাইওয়ে পুলিশ ও দাউদকান্দি ফায়ার সার্ভিসকে খবর দেয়। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আটকে পড়া যাত্রীদের গাড়ির ভেতর থেকে বের করে নিয়ে আসে।
সূত্র আরও জানায়, আহত ২৫ জন যাত্রীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গৌরীপুর হাসপাতাল নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
তাদের মধ্যে মারাত্মকভাবে আহত তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর চান্দিনা উপজেলার মাধাইয়া থেকে রায়পুর পর্যন্ত দীর্ঘ আট কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে বাসটি মহাসড়ক থেকে সড়িয়ে নিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।
দাউদকান্দি হাইওয়ে পুলিশের ওসি প্রেমদাস রায় জানান, বাসটি সড়কের মাঝপথে উল্টে গেলেও যাত্রীদের তেমন ক্ষতি হয়নি। আহতদের হাসপাতালে চিকিৎসা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাসটি উদ্ধার করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।








