ফাইল ছবি
অনলাইন ডেস্ক : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পূর্বশত্রুতার জেরে সানি (২২) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার চরফরাদী ইউনিয়নের হিজলীয়া গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত সানি ওই গ্রামের কাতার প্রবাসী হাদিউল ইসলামের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে বৃহস্পতিবার রাতে হিজলীয়া দক্ষিণ পাড়া মসজিদের পাশে একই গ্রামের সুরুজ মিয়ার ছেলে মফিজুলের নেতৃত্বে কয়েকজন সানিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সানিকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের সদস্যরা জানায়, দুই থেকে তিন বছর আগে স্কুলের খেলা নিয়ে মফিজুলের সঙ্গে সানির কথা-কাটাকাটি হয়েছিল। ওই সময় সানি মফিজুলকে একটি থাপ্পড় মারে। এর জের ধরে তাকে হত্যা করেছে বলে অভিযোগ তাদের।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করেছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।








