ফাইল ছবি
অনলাইন ডেস্ক : কামরাঙ্গীরচরে চাঞ্চল্যকর ম্যাটাডোর কর্মচারী ইয়াকুব হত্যাকাণ্ডে জড়িত মূল হোতাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ। তার নাম সাব্বির।
এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো ম্যাটাডোর ব্লেড ও হত্যাকাণ্ডের সময় গ্রেফতারকৃতের পরিহিত রক্তমাখা লুঙ্গি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার রাতে কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
কামরাঙ্গীরচর থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে কামরাঙ্গীরচরের কালু নগর এলাকায় মধু সিটির পিছনে ম্যাটাডোর কোম্পানির শ্রমিকদের টিনসেড আবাসিক ঘরের বাথরুমের মধ্যে ভিকটিম ইয়াকুবের উপর এক যুবক অতর্কিত হামলা করে এবং ধারালো ব্লেড দিয়ে গলায় গুরুত্বর আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে ভিকটিমকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কামরাঙ্গীরচর থানায় একটি হত্যা মামলা রুজু হয়।
কামরাঙ্গীরচর থানা আরও জানায় , কামরাঙ্গীরচর থানা পুলিশের একটি টিম গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে জড়িত মূল হোতাকে শনাক্ত করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাব্বির স্বীকার করে, সে একাই এ হত্যাকাণ্ডটি সংঘঠিত করেছে। গ্রেফতারকৃতের দেখানো মতে ঘটনাস্থলের পাশ থেকে আলামত সংগ্রহ করে পুলিশ।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।








