ফাইল ছবি
অনলাইন ডেস্ক : যশোর-খুলনা মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আসমা খাতুন (২২) নামে এক নার্সিং শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ ভোরে সদর উপজেলার গোপালপুর গেট এলাকায় এ ঘটনা ঘটে।
আসমা সদর উপজেলার বলরামপুর গ্রামের কবির হোসেনের মেয়ে। তিনি নড়াইল নার্সিং ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
তার ভাই মঈন হোসেন বলেন, বোনকে নিয়ে ভোর ছয়টার দিকে মোটরসাইকেলে যশোর-নড়াইল বাসস্ট্যান্ডে যাওয়ার পথে খুলনার দিক থেকে আসা একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন আসমা খাতুন। স্থানীয় লোকজন আসমাকে যশোর জেনারেল হাসপাতালে নিলে কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইউসুফ আলী বলেন, মাথায় আঘাতের কারণে আসমার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য মাসুদ রানা জানান, সড়ক দুর্ঘটনায় আহত নার্সিং শিক্ষার্থীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর বিষয়টি যশোর কোতোয়ালি থানায় জানানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।








