ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : পরিবারের অবহেলা আর একাকিত্বের দীর্ঘ অন্ধকার কাটিয়ে জীবনের পড়ন্ত বেলায় এসে নতুন করে সংসার পাতলেন ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ এবং ৬৩ বছর বয়সী এক বৃদ্ধা। ভারতের হিমাচল প্রদেশের বিলাসপুর জেলার একটি বৃদ্ধাশ্রমে পরম ভালোবাসা ও বন্ধুত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন কানহাইয়া লাল ও সাবিনা।
বিলাসপুর জেলার ঘাগাস এলাকার ‘আপনা ঘর ওল্ড এজ হোম’-এ হিন্দু রীতিনীতি মেনে এই ব্যতিক্রমী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বৃদ্ধাশ্রমের অন্যান্য আবাসিক, কর্মী এবং শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে মালাবদল ও অগ্নিকে সাক্ষী রেখে সাতপাক ঘোরার মধ্য দিয়ে তারা একে অপরের জীবনসঙ্গী হন। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় হলুদ রঙের পোশাকে সেজে ঐতিহ্যবাহী হিমাচলি গানের তালে আনন্দঘন পরিবেশে তাদের গায়েহলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়। ব্যতিক্রমী এই বিয়েতে বরযাত্রী হিসেবে যোগ দিয়েছিলেন বিলাসপুরের ডেপুটি কমিশনার কিরণ ভাদানা। তিনি নবদম্পতিকে অভিনন্দন জানান এবং বিয়ের উপহার তুলে দেন।
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়ে ডেপুটি কমিশনার কিরণ ভাদানা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এই বিয়ে সমাজে একটি অত্যন্ত ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে। বয়স যা-ই হোক না কেন, প্রত্যেকেরই একটি পরিপূর্ণ ও আনন্দময় জীবন যাপন করার অধিকার রয়েছে। বয়স বেড়ে যাওয়ার অর্থ এই নয় যে মানুষকে জীবন উপভোগ করা বা একজন সঙ্গী খোঁজা বন্ধ করে দিতে হবে।
এই নবদম্পতির অতীত জীবনের গল্পটি অত্যন্ত বেদনাদায়ক। ‘আপনা ঘর’-এর প্রতিষ্ঠাতা ও আইনজীবী প্রকাশ চাঁদ বানসাল জানান, হিমাচলের মান্ডি জেলার জাঞ্জেহলি অঞ্চলের থুনাগ এলাকার বাসিন্দা কানহাইয়া লাল একসময় পরিবারের সঙ্গেই থাকতেন। তবে স্ত্রীর মৃত্যুর পর তিনি নিজের সব সম্পত্তি ভাইদের নামে লিখে দেন। এরপরই নির্মমভাবে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় এবং আশ্রয়হীন হয়ে তিনি একটি গুহায় বসবাস শুরু করেন। ২০২২ সালে সংস্থাটির কর্মীরা তাকে সেই গুহা থেকে উদ্ধার করে বৃদ্ধাশ্রমে নিয়ে আসেন এবং তখন থেকেই তিনি সেখানে ছিলেন।
অন্যদিকে, কনে সাবিনার আদি নিবাস কলকাতায়। বাড়ি থেকে পথ হারিয়ে ঘুরতে ঘুরতে তিনি হিমাচল প্রদেশে এসে পৌঁছান। সংস্থাটির তথ্যমতে, তাকে প্রথমে রাজ্যের রাজধানী শিমলায় আনা হয়েছিল এবং পরবর্তীতে ২০২৫ সালে বিলাসপুরের এই বৃদ্ধাশ্রমে স্থানান্তর করা হয়। একই ছাদের নিচে বসবাসের সুবাদে কানহাইয়া লাল ও সাবিনার মধ্যে গভীর সখ্য গড়ে ওঠে এবং তারা জীবনের বাকি দিনগুলো একসঙ্গে কাটানোর সিদ্ধান্ত নেন।
এ বিষয়ে আপনা ঘরের প্রতিষ্ঠাতা প্রকাশ চাঁদ বানসাল বলেন, তারা নিঃসঙ্গতা কাটিয়ে একে অপরের সঙ্গী হওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন, যা সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। পরিবার থেকে বিতাড়িত ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানো এবং তাদের নতুন করে জীবন গড়ে তুলতে সাহায্য করা সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব।
জেলা কল্যাণ কর্মকর্তা রমেশ বানসালসহ আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে এই বিয়ে বৃদ্ধাশ্রমের সবার মাঝে এক উৎসবমুখর পরিবেশ তৈরি করে। দায়োলি এলাকায় অবস্থিত ২৫ জন আবাসিকের ধারণক্ষমতাসম্পন্ন এই বৃদ্ধাশ্রমটি দীর্ঘদিন ধরে প্রবীণদের আশ্রয় ও সেবা দিয়ে আসছে।
বিয়ের পর কানহাইয়া লাল ও সাবিনা হিমাচল প্রদেশের সোলান জেলার নালাগড়ের একটি নতুন বৃদ্ধাশ্রমে স্থানান্তরিত হবেন এবং সেখানেই তাদের নতুন দাম্পত্য জীবন শুরু করবেন। বছরের পর বছর অনিশ্চয়তা ও একাকিত্বের পর জীবনের শেষ প্রান্তে এসে তারা একে অপরের মাঝেই খুঁজে পেলেন এক পরম আশ্রয় ও ভালোবাসার ঠিকানা। সূত্র: এনডিটিভি








