ইউএনএফপিএ ও ইউনিসেফের তথ্যমতে, ২০২৫ সালে বাংলাদেশে ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই প্রায় ৪৭ শতাংশ মেয়ের বিয়ে হয়েছে, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ। বাল্যবিবাহের ফলে কন্যাশিশুদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হওয়ার পাশাপাশি অপ্রাপ্তবয়সে গর্ভধারণের কারণে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। এই সংকট মোকাবিলায় জন্ম নিবন্ধন শিশুর প্রকৃত বয়সের নির্ভরযোগ্য প্রমাণ হিসেবে কাজ করে এবং ভুয়া বয়স দেখিয়ে বিয়ে দেওয়ার প্রবণতা রোধ করে।
তবে দেশে এখনো প্রায় অর্ধেক জনগোষ্ঠী জন্ম নিবন্ধনের আওতার বাইরে রয়ে গেছে। বিশেষজ্ঞদের মতে, ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪’ সংশোধন করে ব্যক্তির পরিবর্তে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে নিবন্ধনের আইনি দায়িত্ব দেওয়া হলে হাসপাতালে জন্ম নেওয়া প্রায় ৬৭ শতাংশ শিশু জন্মের পরপরই স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। এতে এসডিজি লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে বাল্যবিবাহ নির্মূল ও সবার জন্য আইনি পরিচয় নিশ্চিত করার পথ সুগম হবে। গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সংলাপেও স্থানীয় সরকার বিভাগকে সর্বজনীন জন্ম ও বিবাহ নিবন্ধন নিশ্চিত করার মাধ্যমে বয়স যাচাই প্রক্রিয়া জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল।
দিবসটি উপলক্ষে এক প্রতিক্রিয়ায় গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা’র (প্রগতির জন্য জ্ঞান) নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, প্রতিটি কন্যাশিশুর জন্ম নিবন্ধনের মাধ্যমে আইনি পরিচয় নিশ্চিত করা গেলে তা শিশুর বয়স, অধিকার ও শৈশব সুরক্ষার ভিত্তি তৈরি করবে। বাল্যবিবাহমুক্ত দেশ গড়তে তাই জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ শক্তিশালী ও যুগোপযোগী করা অত্যন্ত জরুরি।








