তখন কিছুটা হতাশ হয়ে দড়ি ধরে আরও নিচে নামতে থাকেন তিনি। একপর্যায়ে দড়ির শেষ প্রান্তে পৌঁছে যান। তবে গুহার কাছাকাছি পৌঁছেছেন বলে তাঁর ধারণা ছিল। সেদিন সকালে শারীরিকভাবে খুব একটা ভালো অনুভব না করলেও প্রায় ২২ কেজি ওজনের ব্যাকপ্যাক নিয়ে অভিযানে বের হয়েছিলেন তিনি। শেষ কয়েক মিটার দড়ি ছাড়াই অতিক্রম করে অবশেষে গুহার প্রবেশমুখে পৌঁছান।
গুহার ভেতরে প্রবেশ করে মাথায় থাকা টর্চের আলো ফেলতেই অবিশ্বাস্য দৃশ্য চোখে পড়ে তাঁর। গুহার গভীরে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বরফযুগের অসংখ্য কঙ্কাল, হাড় ও মাথার খুলি। ধারণা করা হচ্ছে, এসব অবশেষ বিলুপ্ত প্রজাতির গুহাভালুক ‘উরসাস লাডিনিকাসের’। প্রায় ২৪ হাজার বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় এই প্রজাতি।
আগের গুহার চেয়েও বেশি হাড়ের সন্ধান
নতুন আবিষ্কৃত গুহাটি ইতালির উত্তরাঞ্চলের ফানেস-সেনেস-ব্রেইস প্রাকৃতিক উদ্যানের বিখ্যাত কন্তুরিনেস গুহার বিপরীত পাহাড়ে অবস্থিত। এত দিন এই এলাকাতেই উরসাস লাডিনিকাস প্রজাতির অস্তিত্বের নিশ্চিত প্রমাণ পাওয়া গিয়েছিল।
১৯৮৭ সালে কন্তুরিনেস গুহা আবিষ্কারের পর বরফযুগের গুহাভালুক সম্পর্কে বিজ্ঞানীদের ধারণায় বড় পরিবর্তন আসে। প্রায় চার দশক পর কাছাকাছি আরেকটি গুহার সন্ধান পাওয়ায় এ প্রাণী সম্পর্কে গবেষণায় নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
কন্তুরিনেস গুহায় পাওয়া গুহাভালুকগুলোর ওজন ছিল প্রায় ১ হাজার ২০০ কেজি এবং দৈর্ঘ্য প্রায় ৩ মিটার। পুরুষ ভালুকগুলো স্ত্রী ভালুকের তুলনায় আকারে বড় ছিল। দাঁতের গঠন বিশ্লেষণ করে বিজ্ঞানীরা ধারণা করেন, এগুলো সম্পূর্ণ তৃণভোজী ছিল। আল্পস অঞ্চলের বিভিন্ন উদ্ভিদ, পাতা ও শক্ত ঘাস খেয়ে বেঁচে থাকত তারা।
কাছাকাছি গুহায় নতুন সন্ধানের বিষয়ে দীর্ঘদিন ধরেই আগ্রহ ছিল কার্ট ওয়াল্ডের। দক্ষিণ টাইরলের ব্রুনিকো শহরের বাসিন্দা ওয়াল্ডে ৪১ বছর ধরে পর্বতগাইড হিসেবে কাজ করছেন। কন্তুরিনেস গুহায় পর্যটকদের নিয়ে যাওয়ার অনুমতি পাওয়া মাত্র দুজন গাইডের একজন তিনি।
তাঁর ধারণা ছিল, কন্তুরিনেস গুহার আশপাশে আরও অজানা কিছু থাকতে পারে। সাড়ে তিন বছর আগে পাহাড়ের চূড়ায় অবস্থানকালে দূর থেকে পাহাড়ের গায়ে একটি কালো দাগ দেখতে পান তিনি। চাঁদের পৃষ্ঠের মতো পাথুরে পরিবেশের মধ্যে দাগটি স্পষ্টভাবে চোখে পড়েছিল।
ওয়াল্ডের ভাষায়, সেটিই ছিল প্রথম ইঙ্গিত। জায়গাটিতে কী আছে, তা কাছ থেকে দেখার আগ্রহ তৈরি হয় তাঁর। অবশেষে ২০২৬ সালের জুলাই মাসে গুহাটি অনুসন্ধানের সিদ্ধান্ত নেন তিনি। আর সেখানেই মেলে প্রাচীন জীবাশ্মের বিশাল ভান্ডার।
গুহায় ঢোকার পর এর গঠন ও অবস্থানের সঙ্গে কন্তুরিনেস গুহার বেশ কিছু মিল খুঁজে পান ওয়াল্ডে। তাঁর ধারণা হয়, গুহাটি হয়তো কোনো বৃহৎ গুহাব্যবস্থার অংশ।
গুহার প্রথম প্রায় ৬০ মিটার অংশ ছিল সোজা। এর শেষ প্রান্তে ছিল প্রাকৃতিক খনিজ পদার্থের তৈরি বিশাল একটি গঠন। কাছেই টেবিলের মতো দেখতে উঁচু পাথুরে অংশের ওপর একটি বিচ্ছিন্ন হাড় পড়ে থাকতে দেখেন তিনি। বিষয়টি তাঁর কাছে রহস্যজনক মনে হয়।
এরপর গুহাটি বাঁ দিকে নিচের দিকে নেমে গেছে। সেখানেই অসংখ্য হাড় ও মাথার খুলি দেখতে পান তিনি। এমনকি একটি মাথার খুলি ঘাড়ের কশেরুকার সঙ্গে যুক্ত অবস্থায় ছিল বলে জানান ওয়াল্ডে।
তিনি বলেন, জায়গাটি একসময় প্রাণচাঞ্চল্য ও কর্মকাণ্ডে পরিপূর্ণ ছিল, এমন অনুভূতিই তাঁকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছিল।
গুহায় শত শত হাড়, রহস্যজনক কিছু নিদর্শন
নতুন গুহা আবিষ্কারের খবর প্রথম যাঁদের জানানো হয়েছিল, তাঁদের একজন ছিলেন বোলজানো প্রদেশের প্রত্নতত্ত্ব বিভাগের পরিচালক ক্রিশ্চিয়ান টেরজার। স্থানীয় জীবাশ্মবিদদের সঙ্গে আলোচনা করার পর তিনি আবিষ্কারটির গুরুত্ব বুঝতে পারেন। তবে গুহার ভেতরের প্রাচীন নিদর্শন নষ্ট বা দূষিত হয়ে যাওয়ার আশঙ্কাও তাঁকে ভাবিয়ে তোলে।
গুহায় অননুমোদিত প্রবেশ ঠেকাতে প্রবেশমুখ থেকে প্রায় ২০ মিটার ভেতরে একটি ফটক নির্মাণ করেছে কর্তৃপক্ষ। আরও ভেতরে বিশেষ আবরণ দিয়ে গুরুত্বপূর্ণ নিদর্শনসমৃদ্ধ অংশটি সিল করে দেওয়া হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকায় প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছাতেও হেলিকপ্টারের সহায়তা নিতে হয়েছে।
শরতের শুরুতে গুহাটি পরিদর্শন করেন টেরজার। সেখানে বিপুলসংখ্যক হাড় দেখে বিস্মিত হন তিনি।
টেরজার বলেন, গুহায় শত শত হাড় রয়েছে। সেখানে ঠিক কতটি ভালুকের কঙ্কাল রয়েছে, তা এখনো জানা যায়নি। তবে সংখ্যাটি অনেক বেশি বলে মনে হচ্ছে। তাঁর ধারণা, নতুন গুহাটিতে কন্তুরিনেস গুহার তুলনায় অনেক বেশি গুহাভালুকের দেহাবশেষ রয়েছে।
গুহার পাথরের ওপর একাকী পড়ে থাকা হাড়টিও তাঁর নজর কেড়েছে। এ ছাড়া আরও কয়েকটি হাড় অস্বাভাবিক অবস্থানে পাওয়া গেছে। কীভাবে সেগুলো সেখানে পৌঁছেছে, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
টেরজারের মতে, প্রাকৃতিক কোনো প্রক্রিয়ায় হাড়গুলো পাথরের ওপর উঠে আসতে পারে। আবার হাজার হাজার বছর আগে সেখানে মানুষের উপস্থিতিও থাকতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হতে আরও গবেষণা প্রয়োজন।
শীতকালজুড়ে গুহায় অনুসন্ধান কার্যক্রম বন্ধ থাকবে। ২০২৭ সালের জুন থেকে সেখানে আবার বৈজ্ঞানিক গবেষণা শুরু করার পরিকল্পনা রয়েছে।
বরফযুগের প্রাণী সম্পর্কে নতুন তথ্যের সম্ভাবনা
সুইজারল্যান্ডের সেন্ট গ্যালেনের প্রাকৃতিক ইতিহাস জাদুঘরের মেরুদণ্ডী প্রাণীর জীবাশ্ম বিশেষজ্ঞ মার্টিনা পাখার কন্তুরিনেস গুহা সম্পর্কে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন। ১৯৮৭ সালে গুহাটিতে গুরুত্বপূর্ণ খননকাজ শুরু হওয়ার সময় শিক্ষার্থী হিসেবে তিনিও যুক্ত ছিলেন।
নতুন গুহা আবিষ্কারের খবর তাঁকে বিস্মিত করেছে। তাঁর মতে, এই আবিষ্কার ঘিরে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি হয়েছে।
এর মধ্যে অন্যতম হলো, ভালুকগুলো কীভাবে গুহায় প্রবেশ করত। বর্তমানে গুহার প্রবেশপথ অত্যন্ত দুর্গম। কিন্তু একসময় সেখানে ভালুকের প্রবেশের উপযোগী পরিবেশ থাকতে হয়েছিল। তখন প্রবেশপথে বরফ জমে থাকা চলবে না এবং তাপমাত্রাও ভালুকের বসবাসের উপযোগী হতে হবে।
নতুন গুহা ও ১৯৮৭ সালে আবিষ্কৃত কন্তুরিনেস গুহার মধ্যে বর্তমানে দৃশ্যমান কোনো সংযোগ নেই। তবে অতীতে গুহা দুটি কোনোভাবে যুক্ত থাকতে পারে বলে ধারণা করছেন গবেষকেরা।
মার্টিনা পাখারের মতে, হাজার হাজার বছরে গুহার প্রবেশপথের গঠন ও অবস্থান পরিবর্তিত হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানোর সময় এখনো আসেনি।
নতুন গুহায় পাওয়া হাড় ও কঙ্কাল থেকে গুহাভালুকের শারীরিক গঠন সম্পর্কেও বিস্তারিত জানা যেতে পারে। তুলনামূলকভাবে অক্ষত কঙ্কাল পাওয়া গেলে এসব প্রাণীর প্রকৃত চেহারা পুনর্গঠন করা সহজ হবে। পাশাপাশি তাদের পারিবারিক সম্পর্ক ও সামাজিক আচরণ সম্পর্কেও ধারণা পাওয়া সম্ভব।
লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের জীবাশ্ম স্তন্যপায়ী প্রাণী বিভাগের জ্যেষ্ঠ কিউরেটর স্পাইরিডুলা পাপ্পার মতে, এই আবিষ্কার অতীতের পরিবেশ ও বাস্তুতন্ত্র সম্পর্কে জানার বিরল সুযোগ তৈরি করেছে।
তাঁর আশা, গুহায় পাওয়া দাঁত, কঙ্কাল, জিনগত উপাদান ও ভূতাত্ত্বিক নিদর্শন বিশ্লেষণ করে আল্পস অঞ্চলের এসব প্রাচীন ভালুক সম্পর্কে আরও পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যাবে। পাশাপাশি গুহায় পাওয়া সব হাড়ই গুহাভালুকের কি না, সেটিও পরীক্ষা করে দেখতে হবে।
কন্তুরিনেস গুহায় আগে পাওয়া জীবাশ্মের মধ্যে গুহাসিংহের চোয়ালের হাড় ও দাঁতও রয়েছে। একই সময়ের অন্যান্য আল্পস অঞ্চলের গুহায় গুহা হায়েনা, সিংহ ও চিতাবাঘের দেহাবশেষও পাওয়া গেছে। ফলে নতুন গুহার অনুসন্ধান থেকে ওই সময়কার প্রাণীবৈচিত্র্য সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে।
আপাতত সিলগালা গুহা, গবেষণা শুরু ২০২৭ সালে
গুহার মূল্যবান নিদর্শনগুলো সংরক্ষণ করাই এখন বিজ্ঞানীদের প্রধান লক্ষ্য। মানুষের অননুমোদিত প্রবেশ ও পরিবেশের পরিবর্তনে যাতে হাড়গুলো ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য গুহাটি আপাতত সিলগালা করে রাখা হয়েছে।
গুহাটি আবিষ্কার করা কার্ট ওয়াল্ডেরও আশা, একদিন সেখানে ফিরে গিয়ে আবিষ্কারের সময়কার মতোই অক্ষত অবস্থায় জায়গাটি দেখতে পাবেন তিনি।
২০২৭ সালে গবেষণা শুরু হলে বিজ্ঞানীরা জানতে পারবেন, ডলোমাইটস ও আল্পস অঞ্চলে হাজার হাজার বছর আগে কী ধরনের প্রাণীর বসবাস ছিল। কীভাবে গুহাভালুকগুলো দুর্গম এই গুহায় প্রবেশ করত, তাদের জীবনযাপন কেমন ছিল এবং পাথরের ওপর একাকী পড়ে থাকা হাড়গুলোর রহস্য কী—এসব প্রশ্নের উত্তরও মিলতে পারে। সূএ : বিবিসি








