ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : কানাডার আলবার্টা প্রদেশের ক্যালগেরিতে বরিশাল বিভাগের প্রবাসীদের নিয়ে ‘মোরা বরিশাইল্লা’ নামে একটি নতুন সামাজিক কমিউনিটি আত্মপ্রকাশ ঘটেছে। স্থানীয় সময় গতকাল শনিবার সন্ধ্যায় শহরের সিটাডেল কমিউনিটি অ্যাসোসিয়েশন সেন্টারে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কমিউনিটিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এতে ক্যালগেরিতে বসবাসরত বরিশাল বিভাগের বিভিন্ন জেলার প্রবাসীরা অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত সদস্যদের মধ্যে পারস্পরিক পরিচিতি, শুভেচ্ছা ও কুশল বিনিময়ের পাশাপাশি ছিল প্রাণবন্ত আড্ডা, নৈশভোজ এবং মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান। আয়োজনজুড়ে প্রবাসে জন্মভূমির মানুষের সঙ্গে মিলন ও সৌহার্দ্যের এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।
আয়োজকেরা জানান, ‘মোরা বরিশাইল্লা’ কমিউনিটি প্রবাসে বরিশালবাসীর পারস্পরিক সম্পর্ক, সম্প্রীতি ও ঐক্যের একটি মিলনমঞ্চ হিসেবে কাজ করবে। এর মাধ্যমে কমিউনিটির বন্ধন আরও সুদৃঢ় করার পাশাপাশি বরিশালের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হবে।’
তারা আশা প্রকাশ করেন, এর উদ্যোগে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে শেকড়ের পরিচয়, সাংস্কৃতিক চর্চা ও নিজস্ব ঐতিহ্যের প্রতি আগ্রহ আরও বাড়বে।








